টাঙ্গাইলের নাগরপুরে আখি আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁকে বিষপান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী খোকন মিয়া ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের বাবা মো. আলম মিয়া নাগরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলে দাবি স্থানীয়দের।
নিহত আখি আক্তার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের শুকতা গ্রামের আলম মিয়ার মেয়ে। প্রায় ১১ বছর আগে পাশের শেওয়াইল গ্রামের কফিল উদ্দিনের ছেলে খোকন মিয়ার সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়।
নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের কিছুদিন পর খোকন মিয়া প্রবাসে চলে যান। এরপর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আখির সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে তাঁকে বিভিন্ন সময় মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো।
নিহতের মা অভিযোগ করে বলেন, ঘটনার দিন তাঁর মেয়েকে মারধর করা হয়। বিকেলে আখি বাবার বাড়িতে কথা বলতে এলে তাঁর ননদ জরুরি প্রয়োজনের কথা বলে তাঁকে শ্বশুরবাড়িতে নিয়ে যান। পরে ওই রাতেই তাঁকে বিষপান করানো হয় বলে তাঁদের অভিযোগ। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার আশঙ্কায় মুখ বেঁধে তাঁকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
পরিবারের অভিযোগ, ঘটনার এক দিন পর অভিযুক্ত পক্ষ তাঁদের বিষয়টি জানায়। পরে আখিকে কুমুদিনী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ অক্টোবর দুপুর ২টা ২৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।
নিহতের বাবা আলম মিয়া বলেন, তাঁর মেয়ের মৃত্যু স্বাভাবিক নয়। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে নির্যাতন করে তাঁকে বিষপান করিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্বামী খোকন মিয়াসহ জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এদিকে অভিযুক্ত খোকন মিয়ার বক্তব্য জানতে তাঁর বাড়িতে গিয়ে ঘরের দরজায় তালা দেখা যায়। স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকে খোকন ও তাঁর পরিবারের সদস্যদের পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : অশ্রু, অপেক্ষা আর বিজয়ের এক জীবন্ত মহাকাব্য!
সা/


