রাজধানীর বিমানবন্দর মহাসড়কের রাজলক্ষ্মী এলাকায় পিকআপের ধাক্কায় অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছেন। সোমবার সড়ক দুর্ঘটনার পর গাড়ি ফেলে চালক পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিআরটি লেনসংলগ্ন সড়কে রাস্তা পার হওয়ার সময় ওই ব্যক্তি প্রথমে একটি পিকআপের সঙ্গে ধাক্কা খান। পরে তিনি ছিটকে গিয়ে একটি সিএনজির ওপর পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম মোঃ সাখাওয়াত হোসেন নিক্সন পিতা মৃত মহিউদ্দিন পাটোয়ারী। সাং- চর আলজী, রামগতি লক্ষীপুর। বর্তমানে সে বাসাবো শাহজাহানপুরে বসবাস করতো।
দুর্ঘটনার খবর পেয়ে উত্তরা পূর্ব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া শুরু করে। পুলিশ রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত পিকআপ ও সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে যায়।
দুর্ঘটনায় জড়িত পিকআপটির নম্বর ঢাকা মেট্রো-ন-১৮-৬১৪৪ এবং সিএনজিটির নম্বর ঢাকা মেট্রো-থ-১৬-৪৭২৮।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে কর্তব্যরত কর্মকর্তাকে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে সম্ভাব্য সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। চালক পালিয়ে গেলেও গাড়িটির প্রকৃত মালিক কে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
রাজধানীর অন্যতম ব্যস্ত বিমানবন্দর মহাসড়কে পথচারী পারাপারের সময় এ দুর্ঘটনার পর আবারও বিভিন্ন মহলে সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপদ পারাপার এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পড়ুন : দেশের অধিকাংশ চালক ‘হেলপার থেকে ড্রাইভার’: সড়কমন্ত্রী


