রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে ডেনমার্ক। এ লক্ষ্যে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি পানি শোধনাগারে সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে দেশটি। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিষ্টিয়ান ব্রিক্স মোলার।
সাক্ষাৎ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ডেনমার্কের দেওয়া সাড়ে ৪ হাজার কোটি টাকার মধ্যে দেড় হাজার কোটি টাকা গ্রান্ট হিসেবে দেওয়া হবে। বাকি ৩ হাজার কোটি টাকা ২০ বছরে পরিশোধ করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে মেঘনা নদীর পানি ব্যবহার করে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে।
এ ছাড়া রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে বলেও জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের মধ্যেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে। এসব নির্বাচনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনের তফসিল ও তারিখ নির্বাচন কমিশন নির্ধারণ করবে। স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনে যাবেন স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিফিং করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
পড়ুন : সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
সা/


