সৈয়দপুরে সুনামধন্য আবাসন প্রতিষ্ঠান ‘দরবার প্রপার্টিস’-এর বিরুদ্ধে একটি কায়েমি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এমনকি পৌরসভায় দায়ের করা এক অভিযোগে অনেক ভুয়া ও জাল স্বাক্ষর ব্যবহারের চাঞ্চল্যকর তথ্যও সামনে এসেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দরবার প্রপার্টিস দীর্ঘ দিন ধরে সৈয়দপুরে স্বচ্ছতা ও বিশ্বস্ততার সাথে আবাসন খাতে অবদান রেখে আসছে। তারা মূলত জমি নিয়ে শেয়ার বিক্রির মাধ্যমে বহুতল ভবন নির্মাণ করে তা গ্রাহকদের কাছে হস্তান্তর করে। ইতোমধ্যে তারা সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকায় একাধিক আবাসন প্রকল্প সফলভাবে শেষ করে ফ্ল্যাট মালিকদের বুঝিয়ে দিয়েছে। স্বচ্ছতা ও গ্রাহক সন্তুষ্টির কারণে প্রতিষ্ঠানটি অল্প সময়েই স্থানীয়দের মধ্যে বেশ সুনাম অর্জন করেছে।
তবে সম্প্রতি অভিযোগ উঠেছে যে, একটি মহল প্রতিষ্ঠানটির দ্রুত উন্নতি ও সুনামে ঈর্ষান্বিত হয়ে এর সুনাম ক্ষুণ্ণ করতে উঠেপড়ে লেগেছে। গত ২০ তারিখে সৈয়দপুর পৌরসভায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি গভীরভাবে পর্যালোচনা করে জানা গেছে, এতে অনেক লোকের নাম ব্যবহার করা হলেও তাদের স্বাক্ষর জাল করা হয়েছে। অনেকের অজান্তেই তাদের নাম অভিযোগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দরবার প্রপার্টিস-এর মালিকপক্ষ এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা মনে করে, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এই কায়েমি স্বার্থান্বেষী মহলটি প্রতিষ্ঠানটিকে হেয় প্রতিপন্ন করে এবং গ্রাহকদের মনে বিভ্রান্তি তৈরি করে এর উন্নয়নমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতে চাচ্ছে। ভুয়া স্বাক্ষরে অভিযোগ দায়েরের মাধ্যমে এই মহলটি প্রতিষ্ঠানের স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলার চেষ্টা করছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সব সময় স্বচ্ছতা ও আইনের শাসন মেনে ব্যবসা পরিচালনা করে আসছে। গ্রাহকদের অধিকার রক্ষায় তারা বদ্ধপরিকর। ভুয়া স্বাক্ষরে অভিযোগ দায়েরের বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি নিচ্ছে।
এলাকাবাসীর মতে, সৈয়দপুরের আবাসন খাতে দরবার প্রপার্টিস-এর অবদান উল্লেখযোগ্য। তাদের এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অপপ্রচার চালালে তা পুরো আবাসন খাতের জন্য ক্ষতি বয়ে আনতে পারে। তারা পৌরসভা কর্তৃপক্ষের কাছে এই ভুয়া অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি জানিয়েছে।
পড়ুন : ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
সা/


