নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার অভিযোগে নরসিংদী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আলোকবালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এনামুল হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি পৃথকভাবে নিশ্চিত করেছেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে এ বহিষ্কারাদেশে বলা হয়েছে, প্রাথমিক সদস্যপদসহ দলের সব ধরনের পদ ও দায়িত্ব থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত বহিষ্কারাদেশে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না।
এ ছাড়া যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে বহিষ্কৃত এনামুল হাসানের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা যায়, গত ১৭ আগস্ট ভারতীয় পণ্য বহনের অভিযোগে সিলেটের কোতোয়ালী থেকে আটক করে পুলিশ। পরের দিন, অবৈধ পণ্য হেফাজতে রাখা ও কর ফাঁকির অভিযোগে মামলা দায়ের করে পুলিশ এবং গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করে। এ ঘটনার ৮ দিন পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ বলেন, “দল থেকে এনামুলকে বহিষ্কার করা হয়েছে এবং দলীয় সিদ্ধান্ত মেনে তাকে দলের কোনো কর্মসূচীতে অংশ গ্রহণ বা দলকে ব্যবহার করে কোনো অপরাধ করলে দল সে দায় নিবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, ব্যক্তির অপরাধের দায় দল নিবে না।”
পড়ুন : খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের মশক নিধন কর্মসূচি


