বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
গত ১০ আগস্ট প্রসিকিউশনের আবেদনের পর তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। আজ এ মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন। গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গুমের ঘটনায় অভিযোগ জমা দেন সালাহউদ্দিন আহমদ।
অভিযোগে জিয়াউল আহসানের পাশাপাশি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক দুই আইজিপি বেনজীর আহমেদ ও এ কে এম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে কয়েকজন সালাহউদ্দিন আহমদকে তুলে নিয়ে যায়। তার স্ত্রী হাসিনা আহমদ এ অভিযোগ করেন। সে সময় বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন সালাহউদ্দিন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট দেশে ফেরেন তিনি।
এদিকে, জুলাই হত্যাকাণ্ডের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১০ মন্ত্রী-এমপিকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের মধ্যে দীপু মনি ও আমির হোসেন আমু রয়েছেন। আজ তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।
এ ছাড়া ২০১৩ সালে হাফেজ জাকিরকে গুমের অভিযোগে র্যাব-১-এর সাবেক অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেনকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
পড়ুন: আজ লালচে বর্ণ ধারণ করবে চাঁদ
আর/


