নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিকের হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিসির খানালের সঙ্গে ফোনে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ঘটনাটিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, এই কঠিন সময়ে নেপালের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে।
ফোনালাপে ড. খলিলুর রহমান জানান, এখন পর্যন্ত বন্যা ও ভূমিধসে কোনো বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে এমন কোনো ঘটনা শনাক্ত হলে প্রয়োজনীয় সহযোগিতার জন্য নেপাল সরকারের সহায়তা কামনা করেন তিনি।
বাংলাদেশের এই সহমর্মিতা ও সংহতির জন্য কৃতজ্ঞতা জানান নেপালের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব ও পরিস্থিতি মূল্যায়ন করছে। মূল্যায়ন শেষে প্রয়োজন হলে নির্দিষ্ট সহায়তার বিষয়ে বাংলাদেশকে জানানো হবে।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত শোকবার্তাও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের কাছে পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
নেপালের প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
পড়ুন: সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড
আর/


