বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে গ্রামীণ পর্যটন উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় আরডিএ’র সেমিনার কক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন আরডিএ’র কৃষিবিজ্ঞান বিভাগের পরিচালক ফেরদৌস হোসেন খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএ’র পরিচালক ড. মাকছুদ আলম খান।
সেমিনারে আরও বক্তব্য দেন আরডিএ’র সাবেক পরিচালক ড. এ কে এম জাকারিয়া, গবেষণা ও উন্নয়ন সংস্থা ডাহুকের পরিচালক মাগফি রেজা সিদ্দিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার।
আলোচনায় দেশের গ্রামীণ পর্যটনের সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা গ্রামীণ পর্যটনকে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও টেকসই গ্রামীণ উন্নয়নের সঙ্গে সমন্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনগোষ্ঠী, গবেষণা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সেমিনারে গ্রামীণ পর্যটন উন্নয়নে গবেষণা, স্থানীয় উদ্যোগ, অবকাঠামো ও দক্ষতা উন্নয়ন এবং পর্যটনকেন্দ্রিক স্থানীয় উদ্যোক্তা তৈরির মাধ্যমে একটি সমন্বিত উন্নয়ন কাঠামো গড়ে তোলার ওপর মতামত প্রদান করা হয়।
পড়ুন : ঢাকার ৩ বস্তির আধুনিকায়নে চীনের ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ
সা/


