গাজীপুরের কালিয়াকৈরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মোট ১২ লাখ ২০ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে কালিয়াকৈর পৌরসভার অডিটরিয়াম ভবনে এ অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার মোট ১২২ জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।
এর মধ্যে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৭৫ জনকে জনপ্রতি ১০ হাজার টাকা করে চেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৪৭ জনকে জনপ্রতি ১০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। সব মিলিয়ে বিতরণ করা হয় ১২ লাখ ২০ হাজার টাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ফখরুল হোসেন।
অনুষ্ঠানে গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, “দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা হচ্ছে। ভবিষ্যতেও এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ফখরুল হোসেন বলেন, “সরকারের পক্ষ থেকে দেওয়া এই আর্থিক সহায়তা প্রকৃত অসহায় ও দুস্থ মানুষের প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপকারভোগীরা যাতে সঠিকভাবে সরকারি সহায়তা পান, সে বিষয়ে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।”
এ সময় বিএনপি ও যুবদলের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুদান পেয়ে উপকারভোগীরা সংসদ সদস্য মো. মজিবুর রহমানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পড়ুন:নেত্রকোনায় জমি নিয়ে বিরোধ: সালিশ শেষে যুবকের মৃত্যু
ইমি/


