উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের গ্রুপ বা লিগ পর্বের দল নির্ধারণী ড্র সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতের এই ড্রয়ে ব্যাক-টু-ব্যাক শিরোপাজয়ী প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বেশ চ্যালেঞ্জিং সমীকরণের মুখোমুখি হয়েছে। ফরাসি জায়ান্টদের লড়তে হবে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি এবং অ্যাস্টন ভিলার মতো শক্তিশালী ক্লাবগুলোর বিপক্ষে।
গত মে মাসে টাইব্রেকারে আর্সেনালকে পরাজিত করে মুকুট ধরে রাখা পিএসজি নিজেদের মাঠে আতিথ্য দেবে বার্সেলোনা, এএস রোমা, তুর্কি চ্যাম্পিয়ন গালাতাসারায় ও স্লোভাকিয়ার স্লোভান ব্রাতিস্লাভাকে। অন্যদিকে লুইস এনরিকের শিষ্যদের অ্যাওয়ে ম্যাচ খেলতে ইংল্যান্ড সফরে যেতে হবে ম্যান সিটি ও অ্যাস্টন ভিলার মাঠে। ২০২৫ সালে নিজেদের প্রথম ইউরোপসেরার মুকুট জয়ের পথে এই দুই ইংলিশ পরাশক্তিকেই পরাস্ত করেছিল তারা। এছাড়া স্পেনে ভিয়ারিয়াল ও ইতালিতে সেস্ক ফ্যাব্রেগাসের ক্লাব কোমোর মুখোমুখি হবে প্যারিসিয়ানরা।
আসন্ন মৌসুমের লিগ পর্বের উদ্বোধনী ম্যাচগুলো মাঠে গড়াবে ৮ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে এবং পর্বটি শেষ হবে জানুয়ারির শেষভাগে। শনিবার ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা পূর্ণাঙ্গ সময়সূচি উন্মোচন করবে।
গত আসরের রানার্সআপ তথা প্রিমিয়ার লিগ জয়ী আর্সেনাল ঘরের মাঠ এমিরেটসে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, লিল এবং চমক জাগিয়ে চার রাউন্ডের প্লে-অফ পেরিয়ে আসা আজারবাইজানের সাবাহকে। তবে গানার্সদের জন্য অ্যাওয়ে সূচি বেশ কঠিন; যেখানে তাদের বায়ার্ন মিউনিখ, রিয়াল বেতিস, নাপোলি ও স্লাভিয়া প্রাগের ডেরায় গিয়ে লড়তে হবে।
আন্দোনি ইরাওলার পরিচালনায় লিভারপুল নিজেদের আঙিনায় খেলবে আতলেতিকো মাদ্রিদ, পোর্তো, ভিয়ারিয়াল ও লঁসের বিরুদ্ধে। আর প্রতিপক্ষের মাঠে গিয়ে অলরেডদের মোকাবেলা করতে হবে ইন্টার মিলান, ক্লাব ব্রুজ, ফেনারবাচে ও অস্ট্রিয়ার নবাগত দল এলএএসকে-কে।
শীর্ষ পটে জায়গা না পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্রাফোর্ডে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ, রোমা, লাইপজিগ ও সাবাহকে। বিপরীতে তাদের অ্যাওয়ে ম্যাচগুলো খেলতে হবে আতলেতিকো মাদ্রিদ, স্পোর্টিং লিসবন, ভিয়ারিয়াল ও কোমোর বিপক্ষে।
অন্যান্য হাইভোল্টেজ দ্বৈরথের মধ্যে রয়েছে ম্যানচেস্টার সিটির বার্সেলোনা সফর এবং রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ। ইউরোপা লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলাকেও খেলতে যেতে হবে বার্সেলোনার মাঠে; তবে ঘরের মাঠে তারা ডর্টমুন্ডকে মোকাবেলা করবে। পাশাপাশি ইস্তাম্বুলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী গালাতাসারায় ও ফেনারবাচের মুখোমুখি হবে তারা। ২০০৮-০৯ মৌসুমের পর এই প্রথম প্লে-অফে লিওঁকে ছিটকে দিয়ে মূল মঞ্চে ফিরল ফেনারবাচে।
নতুনদের মধ্যে এবার অভিষেক ঘটছে ইতালিয়ান সিরি আ কাঁপানো কোমো এবং আজারবাইজানের সাবাহর। সেল্টিককে হারিয়ে নাটকীয় প্রত্যাবর্তনে প্রথমবারের মতো মূল পর্বে উঠেছে অস্ট্রিয়ার এলএএসকে। নরওয়েজীয় চ্যাম্পিয়ন ভাইকিং এফকেও প্রথমবারের মতো টিকিট কেটে বায়ার্ন, আতলেতিকো, ভিলা ও নাপোলির মতো পরাশক্তিদের মোকাবিলার অপেক্ষায় রয়েছে।
৩৬ দলের অংশগ্রহণে পরিবর্তিত কাঠামোর এটি তৃতীয় সংস্করণ, যেখানে প্রতিটি দল আটটি ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে লড়বে। আগামী ২০২৭ সালের ৫ জুন মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।
পড়ুন: গ্যাস-বিদ্যুৎ ঘিরে হাহাকার, লোডশেডিংয়ে চরম দুর্ভোগ
আর/


