ঝিনাইদহের কালীগঞ্জে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ১৫-২০ জন নেতা-কর্মী আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। দুই-তিন মিনিটের স্বল্প সময়ের এই মিছিল শেষে নেতা-কর্মীরা দ্রুত স্থান ত্যাগ করে।
মিছিলে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ সাদি, সহ-সভাপতি শাহরিয়ার সীমান্ত এবং সহ-সম্পাদক মোহাম্মদ তৌফিক ওমর সাব্বিরসহ জেলা ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ছাত্রলীগের নেতৃবৃন্দেকে।
মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জঙ্গিবাদের আস্তানা ‘জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও,’ এবং ‘আইতাছে রে আইতাছে, শেখ হাসিনা আইতাছে’সহ আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারে দাবীতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের বিষয়টি শুনেছি। কারা কারা মিছিলে অংশগ্রহণ করেছে তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি। তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।


