টাঙ্গাইলের বাসাইলে ৩ জন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— কাঞ্চনপুর পশ্চিমপাড়ার আব্দুল আজিজ খানের ছেলে বিদ্যুৎ খান (৩০), বিশু মিয়ার ছেলে শরীফ মিয়া (২৬) এবং রবি খানের ছেলে রুবেল খান (২৬)।
এর আগে শুক্রবার বাসাইল উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া মাদ্রাসা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর পশ্চিমপাড়া মাদরাসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখার অপরাধে তিনজনকে আটক করা হয়। পরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অপরাধ স্বীকার করায় বিদ্যুৎ খানকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা জরিমানা, শরীফ মিয়াকে ৩ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা জরিমানা এবং রুবেল খানকে ৩ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু


