দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর কুয়েত-ঢাকা রুটে পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এই রুটে বিমান চলাচল বন্ধ ছিল। শনিবার (২৯ আগস্ট) থেকে আবারও নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। কুয়েতে বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।
এদিকে বাংলাদেশ বিমানের ফ্লাইট পুনরায় চালু হওয়ায় কুয়েত-বাংলাদেশ রুটে অন্যান্য এয়ারলাইন্সের টিকিটের দামও কমতে শুরু করেছে। এতে কুয়েতপ্রবাসী বাংলাদেশি যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
দীর্ঘদিন সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধ থাকায় কুয়েত থেকে বাংলাদেশগামী অনেক যাত্রীকে বাড়তি ভাড়া দিয়ে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে যাতায়াত করতে হয়েছে। বিশেষ করে ছুটির মৌসুম ও জরুরি প্রয়োজনে দেশে যেতে ইচ্ছুক প্রবাসীদের জন্য টিকিটের উচ্চমূল্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট ফের চালু হওয়ায় প্রবাসীদের সরাসরি ভ্রমণের সুযোগ বাড়ছে। একই সঙ্গে বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যে প্রতিযোগিতা বাড়ায় টিকিটের ভাড়াও কমে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রবাসীদের আশা, বাংলাদেশ বিমানের ফ্লাইট নিয়মিত ও নির্বিঘ্নভাবে পরিচালিত হলে কুয়েত–বাংলাদেশ রুটে বিমান ভাড়া আরও সহনীয় পর্যায়ে আসবে। এতে যাত্রীদের ভোগান্তিও কমবে।
কুয়েত থেকে ঢাকার সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট পুনরায় চালু হওয়ায় কুয়েতপ্রবাসী বাংলাদেশিদের যাতায়াতে বড় ধরনের স্বস্তি ফিরে আসবে বলে প্রত্যাশা করছেন প্রবাসীরা।
পড়ুন: ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য নতুন অস্ত্র প্রস্তুত করেছে ইরান’
আর/


