বিজ্ঞাপন

বিপিএল না করার সিদ্ধান্তে সম্মত রংপুর-ঢাকা-রাজশাহী ফ্র্যাঞ্চাইজি

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল দুই আসরের লোকসানের বিষয়গুলো বিবেচনার মাধ্যমে তাড়াহুড়ো করে এবার আর আরেকটি ‘জোড়াতালি’র টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে না বোর্ড। সবকিছু নতুন করে গুছিয়ে তবেই বিপিএল ফেরানোর পরিকল্পনা করা হচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বিপিএল ইস্যুতে আগামীকাল (রোববার) বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ক্রিকেটাররা। তার আগে আজ বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করেছেন গেল আসরের তিন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের মালিকপক্ষ।

বৈঠক শেষে তারা তাদের মতামতের কথাও বলেছেন। রংপুর সিইও ইসতিয়াক সাদেক বলছিলেন, ‘বাজারের পরিস্থিতি দিনকে দিন এত খারাপ হচ্ছে যে এটা আরও বেশি খারাপই হবে। সুতরাং শুধু নামমাত্র বিপিএল করে প্রতিশ্রুতি দিলাম ৩০ লাখ টাকা দেবো কিন্তু খেলোয়াড়কে আমি শেষ পর্যন্ত ১৫ লাখ টাকা দিচ্ছি না, ফোন ধরছি না, হারিয়ে যাচ্ছি- এর চেয়ে বরং একটু সময় নিয়ে ভালো কোনো একটা মডেলে করাটাই ভালো।’

তিনি আরও যোগ করেন, ‘জানুয়ারি মাস পার হয়ে আজ প্রায় সাত মাস আট মাস চলছে, আমাদের এখনো কিছু স্থানীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড়ের পারিশ্রমিক দেওয়া বাকি। কারণ আমাদের সঙ্গে যেসব পৃষ্ঠপোষক চুক্তি করেছিল তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী পারিশ্রমিকগুলো পরিশোধ করে না।’

কথা বলেছেন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ, ‘বিসিবি বলেছে বিপিএলের নতুন মডেল তৈরি করে কমপক্ষে চার পাঁচ মাস আমাদের সময় দেওয়া হবে। যাতে করে আমরা উনাদের ক্রাইটেরিয়া ফুল ফিল করতে পারি। শেষ দুই বছরে যেভাবে বিপিএল হয়েছে এবারও সেভাবে হলে আমরা থাকবো না। কারণ, গালি আমরা বেশি খাই। বিপিএলে নতুন মডেল এলে আমরা থাকতে চাইবো। বিসিবি প্রেসিডেন্ট বলেছেন বিপিএল অবশ্যই হবে, তবে সময় চাচ্ছেন। বিপিএলের মান বাড়াতে তামিম ভাই ভালো একটা মডেল করতে চাচ্ছেন। ওনাকে আমরা সময় দিতে রাজি।’

গেলবারের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের সিইও মোকছেদুল কামাল বাবু বলেন, ‘অবশ্যই আমরা মাঠে বিপিএল চাই। লিগের ধারাবাহিকতা থাকা দরকার। তবে যে সমস্যাগুলো ছিল, সেগুলোর সমাধান করাও দরকার। একটা ভালো মডেল তৈরি করা দরকার। যাতে করে, বিসিবি-ফ্ল্যাঞ্জাইজি-খেলোয়াড় সবার যেন লাভ হয়।’

বিজ্ঞাপন

পড়ুন : বার্সেলোনার টানা দ্বিতীয় জয়: অ্যাথলেটিক বিলবাওকে হারাল ২-০ গোলে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন