যুক্তরাষ্ট্রের বিখ্যাত ভ্রমণস্থান গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের দুর্গম এলাকায় আকস্মিক ঢল ও বন্যায় অন্তত ১৫ জন হাইকার নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) বিকেলে এনবিসি নিউজ পার্ক কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায়।
বন্যার পর অ্যারিজোনার ব্রাইট এঞ্জেল ক্রিক সংলগ্ন পাহাড়ি এলাকায় অবস্থানরত বা ভ্রমণরত পর্যটকদের বিষয়ে তথ্য জানাতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে ন্যাশনাল পার্ক সার্ভিস। একই সঙ্গে ফ্যান্টম র্যাঞ্চ ও ব্রাইট এঞ্জেল ক্যাম্পগ্রাউন্ডে অবস্থান নেওয়া ক্যাম্পারদের খুঁজতে অভিযান চালানো হচ্ছে।
এ ছাড়া নর্থ কাইবাব ট্রেইল সংলগ্ন দুর্গম পথগুলোতে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে কাজ করছেন পার্কের উদ্ধারকারী কর্মকর্তারা।
এর আগে রোববার সকালে নিখোঁজের সংখ্যা অন্তত ২০ জন বলে ধারণা করা হয়েছিল। একই সময়ের মধ্যে ফ্যান্টম র্যাঞ্চ ও নর্থ কাইবাব ট্রেইলের নিচু এলাকা থেকে প্রায় ৬২ জন পর্যটককে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল ঢলের তোড়ে ব্রাইট এঞ্জেল ক্রিক সংলগ্ন হাঁটার সেতুগুলো ভেঙে গেছে। ফলে ওই খালের ওপর দিয়ে পায়ে হেঁটে চলাচলের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। পাশাপাশি ক্ষয়ক্ষতি পর্যালোচনার জন্য কলোরাডো নদীর ওপর থাকা কয়েকটি বিশেষ সেতুও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
পার্ক সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, আকস্মিক বন্যায় ব্রাইট এঞ্জেল ক্যানিয়ন এলাকার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় পার্কের কর্মীরা পাহাড়ি পথ, সেতু, ইউটিলিটি সেবা, স্থাপনা ও অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতি পর্যালোচনা করছেন।
এদিকে পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা কাদা, বড় বড় ধ্বংসাবশেষ ও গাছের গুঁড়ির কারণে নিরাপত্তার স্বার্থে কলোরাডো নদীতে সব ধরনের নৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
পড়ুন: শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
আর/


