লালমনিরহাটের আদিতমারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দিঘলটারী বিওপির আওতাধীন ডিগ্রির চর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধ পথে অস্ত্র চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আদিতমারী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।
পড়ুন:কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও আগেই হাজিরা, নারায়ণগঞ্জে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ
ইমি/


