চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়ায় টিউবয়েলের সাথে সংযুক্ত বৈদ্যুতিক পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক চোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫ টার দিকে বৈদ্যুতিক মোটরের পাশে নিহত চোরকে পড়ে থাকতে দেখে বাড়ির মানুষ।
নিহত ব্যক্তি উপজেলার দর্শনা থানার দর্শনা শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলাম এর ছেলে শরিফুল ইসলাম ওরফে বরু (৫০)।
এ ঘটনায় বাড়ির মালিক উপজেলার লোকনাথ পুর গ্রামের পশ্চিম পাড়ার মৃত গোলজার মন্ডলের ছেলে কেরামত আলী (৬৫) বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
অপমৃত্যু সংবাদের বিবরণে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) দিনগত রাত আনুমানিক ১০টার সময় কেরামত আলী ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। পরদিন মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তার স্ত্রী মারুফা বেগম (৫০) ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে বাড়ির দক্ষিণ পাশে টিউবওয়েলের কাছে অজু করতে যান। এ সময় তিনি দেখতে পান, টিউবওয়েলের সাথে থাকা ইলেকট্রিক মোটরের মেইন তারের সাথে হাতে কাঁচিসহ এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরে পড়ে আছে।
তার চিৎকারে ছেলে আশরাফুল ইসলাম (৩৫) ও প্রতিবেশী রশিদুল ইসলাম (৩০) সহ স্থানীয়রা ছুটে আসেন। পরে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায় নিহত ব্যক্তি দর্শনার শান্তিপাড়ার শরিফুল ইসলাম ওরফে বরু।
ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে মোটর চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাগেছে। বর্তমানে তার লাশ ঘটনাস্থলেই রয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
পড়ুন:অপারেশনের অভাবে বিছানায় তৌহিদুল,বেঁচে থাকার আকুতি
ইমি/


