সিরাজগঞ্জে সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন।
মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান বলেন, দীর্ঘদিন ধরে সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড ও এর আশপাশের ফুটপাত দখল করে স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে তুলেছে।
এর ফলে রাস্তা সংকুচিত হয়ে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল এবং সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। জনভোগান্তি নিরসন ও মহাসড়কে নিরবচ্ছিন্ন যানবাহন চলাচল নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এবং মহাসড়ককে যানজটমুক্ত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ফুটপাত দখল করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো বরদাশত করা হবে না। ভবিষ্যতে যেন পুনরায় কেউ ফুটপাত দখল করতে না পারে, সেজন্য আমাদের এই তদারকি ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
এছাড়াও অভিযানকালে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও অস্থায়ী কাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং সরকারি জায়গা দখলমুক্ত করা হয়।
অভিযানকালে বেলকুচি সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি থানার ওসি তদন্ত মোঃ জহুরুল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
আর/


