“বাংলাদেশ মহিলা পরিষদকে সংগঠিত করি, নারী আন্দোলনকে অগ্রসর করি”-এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে মাসব্যাপী (১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬) সাংগঠনিক মাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর-২০২৬) বিকাল ৪টায় দিনাজপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং দিনাজপুর জেলা শাখার সম্মানিত সদস্য কানিজ রহমানের সদস্যপদ নবায়নের মাধ্যমে মাসব্যাপী এই সাংগঠনিক কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সহ-সভাপতি মাহবুবা খাতুন।
উদ্বোধনী সভায় সাংগঠনিক মাসের তাৎপর্য এবং মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আক্তার। সাংগঠনিক মাস উপলক্ষে স্বরচিত প্রবন্ধ পাঠ করেন সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সংস্কৃতি পরিবর্তন করতে হবে। নারীর প্রতি পরিবার, সমাজ ও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি অবশ্যই শ্রেণি চেতনার ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ পরিবারে পুরুষ যে আধিপত্য বিস্তার করে, সেই আধিপত্যের মধ্যেও নারী অধিকার কোন অর্থেই বিন্দুমাত্র কম নয়।
বক্তারা নারীর ক্ষমতায়নের ওপর জোর দিয়ে আরও বলেন, নারীর ক্ষমতায়নের জন্য প্রয়োজন শিক্ষা, সম্পত্তিতে মালিকানা, কাজের সুযোগ, শ্রমবাজারে নারীর অবস্থান এবং সমাজ ও পরিবারে ইতিবাচক মনোভাব। কিন্তু বর্তমানে নারীর প্রতি সহিংসতা, পারিবারিক নির্যাতন, ফতোয়া দানসহ নানা বৈষম্য নারীর জীবনকে আষ্টেপৃষ্ঠে বন্দী করে রেখেছে। সব মিলিয়ে নারীকেন্দ্রিক ভাবনাগুলো এখনও আমাদের সমাজের পুরুষতান্ত্রিক গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারেনি।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নারী সদস্য উপস্থিত ছিলেন। মাসব্যাপী এই কর্মসূচির আওতায় নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের সদস্যপদ নবায়নের কাজ পরিচালনা করা হবে। এছাড়াও সাংগঠনিক মাস পালন উপলক্ষ্যে কর্মীসভা, সাংগঠনিক সফর, পেশাজীবী নারী-পুরুষের সাথে মতবিনিময় সভা, তরুণ প্রজন্মের সাথে মতবিনিময় সভা, সৃজনশীল কর্মসীচী-রচনা/বিতর্ক প্রতিযোগিতা, সমাপনী অনুষ্ঠানসহ নানান কর্মসূচী আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা।
পড়ুন : ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
সা/


