বরগুনার তালতলীতে বসতবাড়ি থেকে প্রাণঘাতী বিষধর বড় কৃষ্ণকালাচ সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী (এএলপি)।
সোমবার (৩১ আগস্ট) রাতে তালতলী উপজেলার ফকিরহাট বাজার এলাকার একটি বসতবাড়িতে সাপ ঢুকে পড়ে। পরে বিষয়টি জানিয়ে সংগঠনটির হটলাইন নম্বরে যোগাযোগ করা হলে এএলপির তথ্য ও প্রচার সম্পাদক কাওসার ওরফে হৃদয় ঘটনাস্থলে যান।
পরে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি বড় কৃষ্ণকালাচ সাপ উদ্ধার করেন তিনি। সংগঠনটির দাবি, বরগুনা জেলায় এর আগে বড় কৃষ্ণকালাচ উদ্ধারের কোনো রেকর্ড নেই। বরিশাল বিভাগেও এ প্রজাতির সাপ খুবই কম পাওয়া যায়। সর্বশেষ পিরোজপুর জেলায় এ সাপ পাওয়ার রেকর্ড ছিল বলে জানিয়েছে সংগঠনটি।
সংগঠনের পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, বড় কৃষ্ণকালাচ একটি প্রাণঘাতী বিষধর ও নিশাচর সাপ। দিনের তুলনায় রাতে এরা বেশি সক্রিয় থাকে এবং সাধারণত রাতেই খাবারের সন্ধানে চলাচল করে। এদের প্রধান খাদ্যের মধ্যে অন্যান্য সাপ রয়েছে; বিশেষ করে ছোট সাপ শিকার করে থাকে।
তিনি বলেন, বরগুনার তালতলী থেকে উদ্ধার করা বড় কৃষ্ণকালাচটি এ জেলায় এ প্রজাতির সাপ উদ্ধারের প্রথম রেকর্ড বলে তাদের জানা গেছে। বসতবাড়িতে ঢুকে পড়লেও সাপটিকে হত্যা না করে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সাপটিকে টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।
আসাদুল্লাহ হাসান মুসা আরও বলেন, সাপ দেখলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রশিক্ষিত উদ্ধারকারীদের খবর দেওয়া উচিত। এতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বন্যপ্রাণীকেও রক্ষা করা সম্ভব। প্রকৃতির ভারসাম্য রক্ষায় সাপসহ প্রতিটি বন্যপ্রাণীরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী জানায়, ২০১৯ সাল থেকে সংগঠনটি পটুয়াখালীসহ বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় সাপসহ বন্যপ্রাণী উদ্ধার, সংরক্ষণ ও বন্যপ্রাণী অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
পড়ুন:হরিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ইমি/


