নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায় ১৭টি সেতু নির্মাণের অনুমোদন পাওয়ার খবরে উচ্ছ্বাস ও আনন্দের সৃষ্টি হয়েছে। এর মাঝে রায়পুরার চরাঞ্চলে রয়েছে ৪টি সেতু। দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং মানুষের যাতায়াত সহজ হওয়ার প্রত্যাশায় খুশি স্থানীয় বাসিন্দারা। এ খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন নেটিজেনরা। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা জানাচ্ছেন অনেকে।
বুধবার(১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন আকারের মোট ১৭টি সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ খবর প্রকাশের পর থেকেই জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও আশাবাদের সৃষ্টি হয়েছে।
এ জেলায় প্রথমধাপে সবচেয়ে বড় সেতু নির্মাণ হচ্ছে রায়পুরা উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল বাশগাড়ীতে মেঘনা নদীর ওপর। এ ৫৮৪ মিটার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের যোগাযোগ বিচ্ছিন্নতা, নদীপথের ভোগান্তি ও নানা প্রতিবন্ধকতা কাটিয়ে সেতুটি নির্মিত হলে বদলে যাবে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা। একই সঙ্গে যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সংশ্লিষ্ট সরকারি তালিকার সংযুক্ত নথিতে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাশগাড়ী এলাকার সেতু নির্মাণের প্রস্তাবের তথ্য উঠে এসেছে। সেখানে সেতুটির দৈর্ঘ্য ৫৮৪ মিটার উল্লেখ করা হয়েছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দীর্ঘ সেতু নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে এ প্রকল্পটি স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ বিষয়ে রায়পুরার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, বাশগাড়ীতে সেতু নির্মাণ হলে প্রত্যন্ত চরাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এ অঞ্চলকে ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। সেতুটি নির্মিত হলে চরাঞ্চল একটি পর্যটনময় শহরে পরিণত হবে। মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটবে এবং দুই পাড়ের মানুষের মধ্যে সামাজিক মেলবন্ধন আরও বাড়বে।
এ ছাড়া সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল আরো বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি প্রান্তশালা এলাকায় মেঘনা নদীর ওপর আরেকটি সেতু নির্মাণের প্রস্তাবও করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেটিও অনুমোদন পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়দের প্রত্যাশা, সেতুটি নির্মিত হলে নদী পারাপারে সময় ও অর্থের অপচয় কমবে। জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাত করা সহজ হবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি হবে।
মেঘনা নদীবেষ্টিত বাশগাড়ীসহ আশপাশের চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি একটি স্থায়ী সেতু। সেতুটি বাস্তবায়িত হলে শুধু যোগাযোগের দুর্ভোগই কমবে না, বরং রায়পুরার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও নতুন মাত্রা যুক্ত হবে।
পড়ুন : ১২ দিনে সারাদেশে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন


