ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মোবাইল ফোন, মোবাইল এলসিডি, মাদারবোর্ড, বিদেশি মদ ও স্বর্ণালংকারসহ প্রায় ১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এনবিআর জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর পরিচালিত পৃথক অভিযানে এসব পণ্য আটক করা হয়। এ ছাড়া চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও একটি অভিযান পরিচালনা করা হয়।
৩১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের এ-শিফটের কর্মকর্তারা সৌদি অ্যারাবিয়ান এয়ার লাইনসের এসভি ৮০৪ ফ্লাইটে আগত দুই যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালান।
এ সময় যাত্রী এমডি মনসুর আলমের কাছ থেকে ২৩১ কার্টন ও মোহাম্মদ নওয়াজ শরীফের কাছ থেকে ২৫০ কার্টন, মোট ৪৮১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।
এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা।
একই দিনে ব্যাংকক থেকে আসা টিজি-৩৩৯ ফ্লাইটের যাত্রী টিপু আল ইমরানের ব্যাগেজ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো ৩৬টি স্মার্টফোন জব্দ করা হয়। এর মধ্যে ১৯টি রেডমি টার্বো ৪ প্রো ও ১৭টি অনর ২০০ মডেলের মোবাইল রয়েছে। এসব মোবাইলের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৯৬ হাজার টাকা।
ওই ব্যাগেজ থেকে আরো ৫৫০ পিস বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল এলসিডি ও ৯৫০ পিস ডিসপ্লেসহ মাদারবোর্ড জব্দ করা হয়। এলসিডিগুলোর আনুমানিক মূল্য ২২ লাখ টাকা ও মাদার বোর্ড গুলোর মূল্য ১৪ লাখ ২৫ হাজার টাকা।
এ ছাড়া বিমানবন্দরের ব্যাগেজ বেল্টের পাশে পরিত্যক্ত একটি হাতব্যাগ থেকে তিন লিটার বিদেশি মদ জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।
এনবিআর জানায়, ১ সেপ্টেম্বর বাহরাইন থেকে আসা গালফ এয়ারের জিএফ২৪৮ ফ্লাইটের যাত্রী এমডি আল আমিনকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করে তল্লাশি চালানো হয়।
এ সময় তার কাছ থেকে ১৮ লিটার রেড লেবেল বিদেশি মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।
অন্যদিকে ৩১ আগস্ট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দুবাই থেকে বিজি১৪৮ ফ্লাইটে আগত এক যাত্রীর কাছ থেকে ১২ কার্টন বিদেশি সিগারেট, রোয়াটিনেক্স ও সাবরিল ওষুধ এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।
সিআইআইডির হিসাব অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামের এসব অভিযানে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর জব্দ করা পণ্যের মোট আনুমানিক মূল্য ৯৭ লাখ ১৩ হাজার ১০০ টাকা।
পড়ুন:নদীপথে রাজবাড়ী মন্দিরে নেওয়া হচ্ছে শ্রী শ্রী শান্তজীউ-বিগ্রহ
ইমি/


