চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে রোপা আমন চাষে স্বস্তি ফিরলেও জেলা শহরের বেশ কিছু এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে।
বুধবার বেলা ১২টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম জানান, জেলার পাঁচ উপজেলায় একদিনে মোট ১৮২ মিলিমিটার এবং গড়ে ৩৬.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর গত ২৪ ঘন্টার বৃষ্টিপাতের পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে সবচেয়ে বেশি বর্ষণ হয়েছে নাচোল উপজেলায় ৫০ মিলিমিটার। এছাড়া সদর উপজেলায় ৪৫ মিলিমিটার, শিবগঞ্জে ৩২ মিলিমিটার, গোমস্তাপুরে ৩০ মিলিমিটার এবং ভোলাহাটে সর্বনিম্ন ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
একদিনের টানা বর্ষণে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট, কোর্ট চত্বর, নিউ ইসলামপুর ও বেলেপুকুরসহ বিভিন্ন নিচু এলাকায় রাস্তাঘাট তলিয়ে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার বেলেপুকুর মহল্লার
এলাকার বাসিন্দারা জানান , গতকাল বিকেল থেকে মুষলধারে বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে গেছে। ড্রেনগুলো দিয়ে পানি দ্রুত বের হতে না পারায় নিউ মার্কেট ও কোর্ট চত্বর এলাকায় চলাচলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তবে নিচু এলাকায় পানি জমলেও জেলার কোথাও ফসলি জমির ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম।
তিনি বলেন, চলতি বর্ষা মৌসুমে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। নিচু এলাকার কিছু অংশে পানি জমলেও কোনো ফসলি জমির ক্ষতি হয়নি। বরং এই বৃষ্টি রোপা আমন ধানের জন্য আশীর্বাদ হয়ে এসেছে, যা গাছের বৃদ্ধি বাড়াবে এবং কৃষকদের সেচ খরচ অনেকটাই বাঁচিয়ে দেবে।
পড়ুন: আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক
আর/


