সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি’র উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও অসহায়-হতদরিদ্র ব্যবসায়ীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জাফলং বিজিবি ক্যাম্প এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে পর্যটনকেন্দ্রের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে স্থানীয় অসহায় ও হতদরিদ্র ২০ জন ব্যবসায়ীর মধ্যে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে ছাতা বিতরণ করা হয়। একই সাথে বাল্য বিবাহ, শিশুশ্রম, স্কুলে ঝড়ে পড়া শিশু প্রতিরোধে প্রচার অভিযান পরিচালিত হয়।
ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জাফলং বিজিবি-ক্যাম্প পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য জালাল হোসাইন, ৫নং ওয়ার্ডের সদস্য আব্দুল আওয়াল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য রাসেল আহমদ, জাফলং বিজিবি-ক্যাম্প পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মানিক মিয়া এবং ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির ইয়ং প্রফেশনাল অ্যাডভোকেসির বিজয়া চিসিম। এ সময় স্থানীয় পর্যটন ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আয়োজকরা বলেন, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি দীর্ঘদিন ধরে বাল্যবিবাহ রোধ, শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কাজ করে আসছে। স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে সংগঠনটি বিভিন্ন সচেতনতামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় জাফলংয়ে পরিচ্ছন্নতা অভিযান ও অসহায় ব্যবসায়ীদের মধ্যে ছাতা বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা বলেন, পর্যটনকেন্দ্র জাফলংকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে স্থানীয় ব্যবসায়ী, পর্যটক ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পড়ুন : পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক


