গাজীপুরের কালিয়াকৈরে মাদরাসা থেকে চুরির অভিযোগকে কেন্দ্র করে এক শিক্ষার্থী (১৫) ও তার মাকে মারধরের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে।
আহত শিক্ষার্থী মো. রবিউল ইসলাম বর্তমানে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কারল-সূরিচালা এলাকার মারকাযুত তাকওয়া ইসলামিয়া মাদরাসা থেকে রবিউলকে নিতে যান তার মা রাজিয়া বেগম সুলতানা ও ভাই মেরাজুল ইসলাম।
এ সময় রবিউলের বেডিংপত্র ও মালামাল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ করা হয়েছে, মাদরাসার শিক্ষক আব্দুস সামাদ, নাসির ও ফাহিম লাঠি ও কাঠের বাটাম দিয়ে রবিউল ও তার মাকে মারধর করেন।
পরে স্থানীয়রা আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রবিউলের অবস্থার অবনতি হলে তাকে কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়।
অভিযুক্তদের মধ্যে হাজী আব্দুস ছামাদকে ফোনে তাৎক্ষণিকভাবে বক্তব্য পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
সা/


