নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।
শুক্রবার সকালে সিরাজগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে শহরে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক ভিপি অমর কৃষ্ণ দাসের সভাপতিত্বে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে শোভাযাত্রার উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা পুজা উদযপান পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, উপদেষ্টা এ্যাড. রণজিৎ মন্ডল স্বপন, এ্যাড. কল্যান সাহা।
সিরাজগঞ্জ শহরের মওলানা ভাসানী ডিগ্রী কলেজের সম্মুখ থেকে শোভাযাত্রাটি শুরু করা হয়। শোভাযাত্রায় নানা সাজে সজ্জিত হয়ে এবং বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শকে তুলে ধরে শোভাযাত্রায় ছিল বিভিন্ন প্রতীকী উপস্থাপনা।
এ সময় ভক্তদের ধর্মীয় সঙ্গীত, কীর্তন ও বাদ্যযন্ত্রের শব্দে মুখর হয়ে ওঠে পুরো শহর। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি গোবিন্দবাড়ি মন্দিরে এসে শেষ হয়। এছাড়া সারাদিন বিভিন্ন মন্দিরে ভোগ আরতি ও পুজার্চনার আয়োজন করা হয়েছে। আয়োজকরা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতেই প্রতিবছরের মতো এবারও নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন করা হচ্ছে।
পড়ুন : নাইজেরিয়ায় চুরি করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের
সা/


