দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ-১১৬৭)-এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করতে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে নির্বাচন কমিশন ও আহ্বায়ক কমিটি।
শনিবার (৫ সেপ্টেম্বর) শ্রমিক ইউনিয়নের সুইহারিস্থ নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনী আচরণবিধি সম্পর্কে প্রার্থীদের অবহিত করা হয়। একই সঙ্গে নির্বাচনী আইন ও আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন নির্বাচন কমিশন ও আহ্বায়ক কমিটির সংশ্লিষ্টরা।
মতবিনিময় সভায় অংশ নেওয়া প্রার্থীরা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিভিন্ন মতামত তুলে ধরেন। অধিকাংশ প্রার্থী বলেন, ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি বা বাধা ছাড়াই ভোটকেন্দ্রে এসে স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন—এমন পরিবেশ নিশ্চিত করা নির্বাচন সংশ্লিষ্টদের অন্যতম দায়িত্ব।
সভায় সাধারণ শ্রমিক ও ভোটারদের পক্ষ থেকেও নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহের কথা তুলে ধরা হয়। তবে সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক—সংগঠনের গুরুত্বপূর্ণ তিনটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটারদের মধ্যে ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ যেন কমে না যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
এ সময় ভোটারদের উপস্থিতি বাড়িয়ে একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থী মো. আব্দুল কাইয়ুম বলেন, “শ্রমিকরা আমাকে যে মর্যাদা ও দায়িত্ব দিয়েছেন, সাংগঠনিকভাবে তার যথাযথ মূল্যায়ন করব। আমি শ্রমিকদের নেতা—আমার কাছে সবাই সমান। সকলকে সঙ্গে নিয়ে সুখে-দুঃখে এই ঐতিহ্যবাহী সংগঠনকে আরও গতিশীল করতে কাজ করব, ইনশাআল্লাহ।”
আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা বলেন, “দিনাজপুরের ঐতিহ্যবাহী শ্রমিক সংগঠন রেজি. নং-রাজ-১১৬৭-এর সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত রয়েছে। নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে আমরা সর্বদা প্রস্তুত। সাধারণ শ্রমিক ও ভোটারদের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।”
তিনি আরও বলেন, “শ্রমিক ইউনিয়ন শুধু নির্বাচনের সংগঠন নয়; এটি হাজারো শ্রমিকের অধিকার, সুখ-দুঃখ ও প্রত্যাশার প্রতিষ্ঠান। তাই ব্যক্তিগত মতপার্থক্য ভুলে সংগঠনের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
শ্রমিকদের বিভিন্ন দাবির বিষয়ে তিনি বলেন, “আপনাদের অধিকাংশ দাবি যৌক্তিক। আপনাদের দাবিগুলো নিয়ে আমরা ফোরামে আলোচনা করব। আহ্বায়ক কমিটি সর্বদাই শ্রমিকদের পক্ষে রয়েছে।”
মতবিনিময় সভায় নির্বাচন কমিশন ও আহ্বায়ক কমিটির নেতারা বলেন, শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই তাদের প্রধান লক্ষ্য। এ জন্য প্রার্থী, ভোটার ও সাধারণ শ্রমিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
পড়ুন : কুষ্টিয়ায় মেয়াদোত্তীর্ণ ১২ টন চিনি জব্দ, ৪ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ


