রাজধানীর কাফরুলে ৭ বছরের শিশু অপহরণের ঘটনায় জড়িত এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ। একই সঙ্গে অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতের নাম- যুথী আক্তার (২২)।
কাফরুল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে কাফরুলের পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে ৭ বছরের এক শিশু খেলতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির সূত্র ধরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। ফুটেজে দেখা যায়, কালো পোশাক পরিহিত এক নারী শিশুটির হাত ধরে জোরপূর্বক নিয়ে যাচ্ছে। পরবর্তীতে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে কাফরুল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়।
এরপর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে কাফরুল থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ০৩:৩০ ঘটিকায় শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান পরিচালনা করে যুথী আক্তারকে গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে তার পিতা-মাতার জিম্মায় দেওয়া হয়েছে।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।
পড়ুন : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান


