রান্নাঘরে লুকিয়ে রাখা ছিল বিপুল পরিমাণ হাতবোমা। হঠাৎ একসঙ্গে বিস্ফোরণে বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। উড়ে যায় রান্নাঘরটির টিনের চালা, ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বসতঘর। এতে নারীসহ গুরুতর আহত হয়েছেন দুইজন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক ছৈয়ালের বাড়ির রান্নাঘরে বিপুল পরিমাণ ককটেল বা হাতবোমা মজুত করে রাখা হয়েছিল। দুপুরে সেগুলো বিস্ফোরিত হলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। বিস্ফোরণের সময় রান্নাঘরের কাছে থাকা ফারুক ছৈয়ালের স্ত্রী রোকেয়া বেগম (৪০) গুরুতর আহত হন। আহত হন আরও একজন।
স্থানীয়দের দাবি, রান্নাঘরে এসব হাতবোমা লুকিয়ে রাখার বিষয়টি সম্পর্কে বাড়ির লোকজনের কেউ কেউ অবগত ছিলেন। আহত রোকেয়া বেগমও বোমা মজুতের সঙ্গে জড়িত ছিলেন কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তবে এ বিষয়ে পুলিশের তদন্ত এখনো শেষ হয়নি।
বিস্ফোরণের তীব্রতায় রান্নাঘরের টিনের চালা উড়ে গিয়ে পাশের বাঁশবাগানে পড়ে। পাশাপাশি সামাদ ছৈয়াল ও হাকিম ছৈয়ালের দুটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়।
আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রোকেয়া বেগমের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহের পাশাপাশি সেখানে মজুত থাকা হাতবোমার বিষয়ে অনুসন্ধান শুরু করে।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রেজাউল শিকদার ও তমিজ খাঁর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১০ আগস্ট একই এলাকায় দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় মান্নান সরদার (৭০) নিহতসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় একটি মামলা চলমান রয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মেদ বলেন, “রান্নাঘরে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বিপুল পরিমাণ ককটেল মজুত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণে রান্নাঘরের চালা উড়ে গেছে এবং একজন আহত হয়েছেন। কারা ও কী উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে মজুত করেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পড়ুন : চট্টগ্রামের চন্দনাইশে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ২


