সুনামগঞ্জে অনুমোদনহীনভাবে চেয়ার কোচকে স্লিপার কোচে রূপান্তরসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি পরিবহনের মালিককে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডের বিভিন্ন বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও জেলা প্রশাসন সুনামগঞ্জের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী কোনো নিবন্ধিত মোটরযানের কারিগরি, অভ্যন্তরীণ বা বাহ্যিক কাঠামো এবং আসন বিন্যাসে পরিবর্তন আনতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু অনুমোদন ছাড়া চেয়ার কোচের আসন অপসারণ করে স্লিপার/বেড স্থাপন এবং আসন বিন্যাস পরিবর্তন করে যাত্রী পরিবহনের অভিযোগ পাওয়া যায়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় তিনটি পরিবহনের মালিককে জরিমানা করা হয়। জরিমানার মধ্যে বেঙ্গল পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা, শ্যামলী পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা এবং IMPERIAL পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে জরিমানার পরিমাণ ৯০ হাজার টাকা।
র্যাব-৯ জানায়, জনস্বার্থে এবং সড়ক পরিবহনে আইন ও বিধি মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : ইউপি নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে, সেপ্টেম্বরে আসতে পারে তফসিল
সা/


