ধানমন্ডিস্থ শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতা। ১৪টি জেলার অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে রাঙ্গামাটি জেলাকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে টাঙ্গাইল জেলা।
প্রতিযোগিতা শেষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়ার পর তিনি দেশের নারী ক্রীড়ার উন্নয়ন ও সম্প্রসারণে সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “আমাদের এই নারী ক্রীড়াবিদদের আমরা দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দিতে চাই। নারী অগ্রযাত্রায় আমরা বিশেষ ভূমিকা রাখতে আগ্রহী। নারীরা খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আমাদের পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পরিধি পেরিয়ে আরও বহুদূরে এগিয়ে যাবে—এটাই আমাদের বিশ্বাস। এ লক্ষ্যে সরকার নারী ক্রীড়াবিদদের সার্বিক সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও জানান, মহিলা ক্রীড়া কমপ্লেক্সসহ সারা দেশে ছড়িয়ে থাকা ক্রীড়া অবকাঠামোগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে একটি কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। বর্তমান সরকার ছেলে ও মেয়ে উভয়ের খেলাধুলাকেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে বদ্ধপরিকর।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, “আমাদের নারীরা কেবল আবদ্ধ ঘর বা নির্দিষ্ট মাঠে সীমাবদ্ধ থাকবে না; তারা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। প্রান্তিক অঞ্চল থেকে উঠে আসা প্রতিভাবান নারী ক্রীড়াবিদরা নিজ পরিবার ও দেশের নাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করবে।”
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, সাধারণ সম্পাদক শারমিন আক্তার রত্না এবং সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বার্তা সম্পাদক/প্রতিবেদকগণকে প্রচার ও প্রকাশের জন্য অনুরোধ করা হলো।
পড়ুন : ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সা/


