একাদশে ভর্তি শুরু, শিক্ষার্থীদের জন্য যা থাকছে এস আলম কলেজিয়েটে

0
4
বিজ্ঞাপন

চট্টগ্রামের পটিয়ায় এস আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি কার্যক্রম উপলক্ষে প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা, ফলাফল, আধুনিক ল্যাবরেটরি ও সহশিক্ষা কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে এস আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি খোরশেদ আলম বলেন, এস আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ দক্ষিণ চট্টগ্রামের একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে এখানে পাঠদান করা হয়। শিক্ষার্থীদের নিবিড় তত্ত্বাবধানে রেখে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

তিনি জানান, চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এই তিন বিভাগে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিজ্ঞান বিভাগে ১০০টি আসনের বিপরীতে ন্যূনতম জিপিএ ২.৫০, মানবিক বিভাগে ১৫০টি আসনের বিপরীতে ন্যূনতম জিপিএ ২.০০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২০০টি আসনের বিপরীতে ন্যূনতম জিপিএ ২.০০ নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন চলবে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির পাঠদান শুরু হবে।

প্রতিষ্ঠানটি প্রতিবছর ভালো ফলাফল করে আসছে উল্লেখ করে খোরশেদ আলম অভিভাবকদের তাদের সন্তানদের এস আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজে ভর্তি করানোর আহ্বান জানান।

প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের ওপরও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বিভিন্ন কো-কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোজাম্মেল হক বলেন, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানে উন্নত ল্যাবরেটরির ব্যবস্থা রয়েছে। পাঠ্যবইভিত্তিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও প্রতিভা বিকাশে প্রতিষ্ঠানটি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে।

প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, ফলাফল, সহশিক্ষা কার্যক্রম এবং একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংশ্লিষ্টরা।

এ সময় এস আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য মিশকাত আহমেদসহ প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পড়ুন : সরাইলে রায়হান হত্যা মামলার আসামির কারাগারে মৃত্যু

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.