রাজধানীর শাহআলীতে ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চাকুসহ একজনকে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহআলী মহিলা কলেজের সামনের সড়কে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। গুরুতর আহত মেহেদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।
শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মধ্যরাতে শাহআলী মহিলা কলেজের সামনের সড়ক থেকে চাকুসহ একজনকে আটক করা হয়। এর কিছুক্ষণ পর জানা যায়, পাশেই এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। পরে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসআই আরও জানান, নিহত মেহেদীর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। তার বাবার নাম মো. আলম। বর্তমানে তিনি মিরপুর থানার বড়বাগ এলাকায় থাকতেন। পেশায় তিনি সাইনবোর্ড তৈরির কাজ করতেন।
তবে ঘটনাটি ছিনতাই, নাকি পূর্বশত্রুতার জেরে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মেহেদীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পড়ুন : বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
সা/


