চট্টগ্রামের পটিয়ায় বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ডেকোরেশনকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. ইসমাঈল (৬০) নামে আরও এক টমটমযাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভাইয়ের দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব দে উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকার হরিপদ দের ছেলে। তিনি একটি ডেকোরেশনের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি ট্রাক ভাইয়ের দিঘী এলাকায় পৌঁছালে একটি টমটমকে ধাক্কা দেয়। এতে টমটমটি দুমড়েমুচড়ে যায় এবং এতে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত সজীব দে ও মো. ইসমাঈলকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সজীব দেকে মৃত ঘোষণা করেন।
নিহত সজীব দের প্রতিবেশী অভি দে জানান, তাঁর কাকা সজীব দে হাইদগাঁও সাতগাউছিয়া দরবার এলাকায় ডেকোরেশনের কাজ শেষ করে টমটমযোগে বাড়ি ফিরছিলেন। ভাইয়ের দিঘী এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁদের টমটমকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজীবের মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত সজীব দে দুই ছেলে সন্তানের জনক।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন : ভুয়া র্যাব সেজে স্কুল ছাত্রী কে ধর্ষণ, প্রতারক গ্রেফতার


