বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬–২৭ কার্যবর্ষের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কারিশমা ইরিন এ্যামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন আজিজ ওয়েসি।
নবনির্বাচিত সভাপতি কারিশমা ইরিন এ্যামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক আজিজ ওয়েসি একই শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
নতুন নেতৃত্বের বিষয়ে সভাপতি কারিশমা ইরিন এ্যামি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখালেখিতে আগ্রহী করে তোলা এবং মুক্তচিন্তার চর্চাকে উৎসাহিত করার উদ্দেশ্যে ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম লেখালেখিভিত্তিক সংগঠন হিসেবে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যাত্রা শুরু হয়। এ বছর সংগঠনটি অষ্টম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অনেক মুক্তমনা ও সৃষ্টিশীল লেখক তৈরি করেছে। এই ধারাবাহিকতা আরও এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের লেখালেখির সঙ্গে সম্পৃক্ত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাধারণ সম্পাদক আজিজ ওয়েসি বলেন, শিক্ষার্থীদের লেখালেখির প্রতি আগ্রহী করে তোলা, সৃজনশীলতার বিকাশ এবং মুক্তচিন্তার চর্চাকে আরও বিস্তৃত করার লক্ষ্যে তারা কাজ করতে চান। ফোরামের পূর্বের অর্জন ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে নতুন কিছু উদ্যোগ গ্রহণের মাধ্যমে সংগঠনটিকে আরও সক্রিয় ও সমৃদ্ধ করার চেষ্টা থাকবে।
এদিকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সদ্যবিদায়ী সভাপতি এ এইচ ইমন ও সাধারণ সম্পাদক মোনেম শাহরিয়ার শাওন। তারা নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন এবং ফোরামের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পড়ুন : বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত


