বিজ্ঞাপন

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ

বিজ্ঞাপন

বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ। গত সপ্তাহে এই নৌপথ দিয়ে চলাচল করেছে মাত্র ৭৭টি জাহাজ। একই সময়ে ইরানের নিয়ন্ত্রিত নৌপথ ব্যবহারকারী জাহাজের সংখ্যাও বেড়েছে। এমন পরিস্থিতিতে হরমুজে নৌ চলাচল ব্যাহত করার অভিযোগে ইরানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, জ্বালানি ও পণ্য পরিবহনবিষয়ক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ২৮ শতাংশ কমে ৭৭টিতে নেমে এসেছে। এসব জাহাজের মধ্যে পণ্যবাহী জাহাজের সংখ্যা আরও কমেছে। আগের ৪৫টি থেকে কমে গত সপ্তাহে পণ্য নিয়ে চলাচল করা জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩টিতে।

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পথও এখন ইরানের নিয়ন্ত্রিত নেভিগেশন ব্যবস্থার দিকে বেশি কেন্দ্রীভূত হচ্ছে। কেপলারের তথ্য অনুযায়ী, ৪ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে প্রণালিটি দিয়ে যাওয়া ২৮টি জাহাজের মধ্যে ২১টি প্রচলিত নৌপথের পরিবর্তে ইরানের একতরফাভাবে নির্ধারিত রুট ব্যবহার করেছে। এর মধ্যে শুধু ৬ সেপ্টেম্বরই ৮টি জাহাজের মধ্যে ৭টি ওই রুট ব্যবহার করে।

কেপলার বলেছে, একদিকে পণ্যবাহী জাহাজ চলাচল কমে যাওয়া এবং অন্যদিকে ইরানের নিয়ন্ত্রিত নৌপথের ওপর নির্ভরতা বাড়ার বিষয়টি ইঙ্গিত দিচ্ছে, উত্তেজনার কারণে সৃষ্ট নিরাপত্তাঝুঁকি এখন শুধু জাহাজগুলোর সতর্কতার মধ্যেই সীমাবদ্ধ নেই। এর প্রভাব উপসাগরীয় অঞ্চলের বাণিজ্যের ওপরও পড়তে শুরু করেছে।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, গত সপ্তাহের শেষ দিকে দেখা এই পরিস্থিতি সাময়িক নাকি ভবিষ্যতে নিয়মিত প্রবণতায় পরিণত হয়, সেটিই এখন দেখার বিষয়।

এদিকে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত করার বিষয়ে ইরানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, ইরানের নৌ চলাচল ব্যাহত করার কর্মকাণ্ড যেন স্বাভাবিক বা মেনে নেয়ার মতো বিষয় হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করতে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করছে ওয়াশিংটন।

তিনি বলেন, ‘বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার ইরানের প্রচেষ্টার বিরুদ্ধে আমরা দৃঢ় পদক্ষেপ নেয়া অব্যাহত রাখব’। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র আরও বলেন, ‘হরমুজ প্রণালিতে ইরানকে নৌ চলাচল ব্যাহত করতে এবং বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রাখতে আমরা দেব না।’

এদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার জবাবে হরমুজ প্রণালিকে ঘিরে উপসাগরজুড়ে অবরোধ আরোপের হুমকি দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই বলেছেন, তেহরান পুরো পারস্য উপসাগরজুড়ে একটি ‘নিষিদ্ধ নৌ অঞ্চল’ কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে। এর ফলে হরমুজ প্রণালিকে ঘিরে পুরোপুরি অবরোধের পরিস্থিতি তৈরি হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে রেজাই বলেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ওয়াশিংটনের জন্য ‘স্পষ্ট সতর্কবার্তা’। তিনি বলেন, ‘অর্থনৈতিক যুদ্ধের জবাব দেয়া হবে পারস্য উপসাগরজুড়ে একটি নৌ-চলাচল নিষিদ্ধ অঞ্চল তৈরি করে, যা অবরোধের সীমানা পর্যন্ত বিস্তৃত হবে।’

রেজাই আরও বলেন, ‘মার্কিন যুদ্ধজাহাজ ও ঘাঁটিগুলোর বিরুদ্ধে আমাদের সামরিক প্রস্তুতির ধরন মৌলিকভাবে পরিবর্তন করা হয়েছে।’

পড়ুন : অটোরিকশা বন্ধ নয়, শৃঙ্খলায় ফেরাতে আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন