ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ইদ্রিস আলী (৩১) নামে দুই হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের পর তাঁকে আখাউড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ইদ্রিস আলী ঢাকার আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং জামপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আলী আহম্মদের ছেলে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার জন্য আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন ইদ্রিস আলী। এ সময় ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁর কাগজপত্র যাচাই করেন। যাচাই-বাছাইয়ে তাঁর বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞার তথ্য পাওয়া যায়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মো. শরীফুল ইসলাম বলেন, ‘কাগজপত্র যাচাইয়ের সময় ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা ও দেশত্যাগে নিষেধাজ্ঞার তথ্য পাওয়া যায়। পরে তাঁকে গ্রেপ্তার করে আখাউড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আশুলিয়া থানায় দায়ের হওয়া একাধি কহত্যা মামলার আসামি ইদ্রিস আলী। তাঁকে নিতে আশুলিয়া থানা-পুলিশের একটি দল আখাউড়ার উদ্দেশে রওনা হয়েছে।
ইদ্রিস আলীর সঙ্গে তাঁর ছোট বোন ও ভাগিনাকেও আটক করা হয়েছিল। তবে তাঁদের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পরে ছেড়ে দেওয়া হয়।
পড়ুন:প্রশ্নের মুখে ‘পিংক বাস’: মেয়াদহীন গাড়ীতে নতুন রং, মাসে লোকসান ১২ লাখ!
ইমি/


