ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বারোবাজার আখ সেন্টারের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
বারোবাজার রেলস্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ডাউন বেনাপোল এক্সপ্রেস ৭৯৬ নম্বর ট্রেনটি বারোবাজার আখ সেন্টারের সামনে পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্টেশন মাস্টার আরো জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। দীর্ঘদিন ধরে তাকে বারোবাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যেত। তবে তার নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
পড়ুন:আশুলিয়া রাজস্ব সার্কেলে ভূমি সেবায় পরিবর্তনের ছোঁয়া
ইমি/


