ভোলায় নদীর পাড় ধসে মেঘনায় পড়ে দুই যুবক নিখোঁজ ভোলা সদর উপজেলার শিবপুরে নদীর পাড় ধসে মেঘনায় পড়ে মো. রাকিব (১৮) ও মো. আমজাদ (২৬) নামে দুই যুবক নিখোঁজ হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শিবপুর ইউনিয়নের ভোলারখাল মাছঘাটসংলগ্ন বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ বন্ধু নদীর তীরে জিওব্যাগের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ জিওব্যাগসহ নদীর পাড়ের একটি অংশ ধসে পড়লে পাঁচজনই পানিতে পড়ে যান। পরে তিনজন সাঁতরে তীরে উঠলেও রাকিব ও আমজাদ নিখোঁজ হন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে কোস্ট গার্ডের ১০ সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও নিখোঁজ দুই যুবকের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আমজাদ ভোলা শহরের ভদ্রপাড়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে এবং তিনি বিজিবির সদস্য। রাকিব শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. বাবুলের ছেলে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনা স্থলে পাঠিয়েছি। বর্তমানে উদ্ধার কার্যক্রম চলছে।
পড়ুন:চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
ইমি/


