চীনের ইনার মঙ্গোলিয়ায় চলমান জুনিয়র এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে শক্তিশালী জাপানের কাছে ২-০ গোলে হেরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। এই পরাজয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার পথ বন্ধ হওয়ার পাশাপাশি আগামী বছরের জুনিয়র বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার স্বপ্নও ভঙ্গ হলো লাল-সবুজের মেয়েদের।
২০২৪ সালে নিজেদের অভিষেক আসরে ৯ম হওয়া বাংলাদেশ এবার গ্রুপ পর্বে টানা চার জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই এলিট পুলে পা রেখেছিল। তবে ইতিহাস গড়ে শেষ আটে উঠলেও কোয়ার্টার ফাইনালে অভিজ্ঞতা ও শক্তিতে এগিয়ে থাকা জাপানের বিপক্ষে টিকতে পারেনি আরিফ আলীর শিষ্যরা।
মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণের চাপ ধরে রাখে জাপান। তিনবার হকির জুনিয়র বিশ্বকাপে খেলা দলটি ম্যাচের সময় যত গড়িয়েছে, ততই বাংলাদেশের রক্ষণে চাপ বাড়িয়েছে। তাতেই দ্বিতীয় কোয়ার্টারের ২৬ মিনিটে হিরাই ইয়োশিনোর পেনাল্টি স্ট্রোক থেকে করা গোলে প্রথম এগিয়ে যায় জাপান।
তৃতীয় কোয়ার্টারে দুটি ভালো আক্রমণ করে গোলের আশা জাগিয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু কোনোটিই জাপানের জালে পৌঁছায়নি। শেষ কোয়ার্টারে গোল শোধের বদলে উল্টো আরও এক গোল খেয়ে বসে বাংলাদেশ। ৪৭ মিনিটে ফিল্ড গোল করে জাপানের জয় নিশ্চিত করেন সুজুকি মোমোকা।
গ্রুপ পর্বে চায়নিজ তাইপে (৭-০), পাকিস্তান (৫-১), কাজাখস্তান (৪-০) ও হংকংকে (৬-০) হারিয়ে গ্রুপ সেরা হলেও নকআউট পর্বে এসে থামতে হলো বাংলাদেশকে। তবে এখনই টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি। আগামী শনিবার ৫ম-৬ষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল, যেখানে তাদের প্রতিপক্ষ হবে চতুর্থ কোয়ার্টারে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার ম্যাচে পরাজিত দলটি।
পড়ুন : এশিয়া কাপ হকি: চীনকে ৬ গোলে হারাল বাংলাদেশ


