নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনলাইনে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে ১০ যুবককে আটকে রেখে টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার বিকেলে রূপসী কলাবাগান এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন চট্টগ্রামের চন্দনাইশের সিরাজুল ইসলাম (২৯) ও পটুয়াখালীর রাঙ্গাবালীর অমিত হাসান (২৩)।
র্যাব -১১ সিনিয়র এএসপি মোঃ মাহমুদুজ্জামান প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে শপিংমলের সিকিউরিটি সুপারভাইজার পদে চাকরির বিজ্ঞাপন দিয়ে ১০ যুবককে ওই বাসায় নেওয়া হয়। পরে চাকরি দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৭ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা নেওয়া হয়। এরপর তাদের ৩-৪ দিন আটকে রেখে খাবার-পানি না দেওয়াসহ শারীরিক নির্যাতন করা হয়।
অভিযানে ১০ ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন : কেন্দুয়ায় বেশি দামে সার বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা


