তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। বর্তমান মজুরি ১২ হাজার ৫০০ টাকার তুলনায় এটি ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি। আগামী ১ ডিসেম্বর থেকে শ্রমিকদের নতুন এই মজুরিকাঠামো কার্যকর হবে। দীর্ঘ বৈঠক শেষে নিম্নতম মজুরি বোর্ড মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে এই সিদ্ধান্ত নিয়েছে।
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী আজ ভোরের এক বিফ্রিংয়ে তা জানান।
গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে চতুর্থ দিনের সভা অনুষ্ঠিত হয়। বেলা সোয়া তিনটায় শুরু হওয়া এই রুদ্ধশ্বাস বৈঠক শেষ হয় রাত দেড়টার দিকে। বৈঠকে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মধ্যে দীর্ঘ দর-কষাকষির পর ভোটাভুটির মাধ্যমে এই মজুরি চূড়ান্ত হয়। রাত সোয়া দুইটার দিকে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
বোর্ড চেয়ারম্যান জানান, চারটি গ্রেডের মধ্যে প্রথম তিনটির মজুরি মালিক ও শ্রমিকপক্ষের সর্বসম্মতিক্রমে নির্ধারিত হয়েছে। তবে সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে দুই পক্ষ একমত হতে না পারায় ‘বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫’-এর ১২৯(২) বিধি অনুসরণ করে গোপন ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শ্রমিকপক্ষের সর্বশেষ সংশোধিত প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। ভোটাভুটিতে বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন মধ্যবর্তী অঙ্ক অর্থাৎ ১৭ হাজার টাকার পক্ষে এবং শ্রমিকপক্ষের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে চতুর্থ গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।
নতুন কাঠামো অনুযায়ী সর্বোচ্চ গ্রেডে মাসিক মজুরি ২১ হাজার ৫০০ টাকা এবং সর্বনিম্ন গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রেড-১ এ মাসিক মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২ এ ২০ হাজার টাকা, গ্রেড-৩ এ ১৯ হাজার ২০০ টাকা এবং গ্রেড-৪ এ ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
চেয়ারম্যান জানান, পুরোনো বেতন কাঠামোর সঙ্গে নতুন মজুরি সমন্বয়ের ক্ষেত্রে ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। যেসব শ্রমিক বর্তমানে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও ন্যূনতম ২ হাজার টাকা সমন্বয় করা হবে। ফলে সব পর্যায়ের শ্রমিকরাই এর সুফল পাবেন। এ ছাড়া শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস শ্রমিকদের মজুরি ও বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় কারিগরি দিক বিবেচনা করে নির্ধারণ করা হবে।
বোর্ড চেয়ারম্যান জানান, দ্রুততম সময়ের মধ্যে খসড়া সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। গেজেটে গ্রেডভিত্তিক মজুরি, বেতন সমন্বয় এবং কার্যকরের বিষয়গুলো স্পষ্ট করা থাকবে। এরপর কারখানাগুলোকে নতুন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
তবে বোর্ডের এই সিদ্ধান্ত সর্বনিম্ন গ্রেডের মজুরি নির্ধারণের প্রস্তাব গ্রহণসংক্রান্ত। চূড়ান্ত মজুরি কার্যকরের বিষয়ে পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া ও গেজেট প্রকাশের বিষয়টি গুরুত্বপূর্ণ।
বোর্ডের সিদ্ধান্তে শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাবুল আখতার ও আনোয়ার হোসাইন। মালিকপক্ষের প্রতিনিধিত্ব করেন আসিফ আইয়ুব ও অধিত্রম সামছুদ্দিন। নিরপেক্ষ সদস্য ছিলেন ড. মোসলেহ উদ্দিন আহমদ। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
কোন গ্রেডে কত মজুরি
জানা যায়, ন্যূনতম বা গ্রেড ৪-এ মজুরি ১৭ হাজার টাকা, গ্রেড ৩-এ মজুরি ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড ২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড ১-এ ২১ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করা হয়েছে।
মজুরি বোর্ডের সভার দিন গতকালও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সেগুনবাগিচায় বোর্ড কার্যালয়ের সামনে ৩০ থেকে ৩২ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।
অন্যদিকে, গাজীপুর ও সাভার-আশুলিয়ায় দিনভর শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিল্প পুলিশ জানায়, শ্রমিক অসন্তোষের জেরে গতকাল গাজীপুরের ভোগরা বাইপাস, চৌরাস্তা ও কোনাবাড়ী এলাকার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয় এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
পড়ুন : শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে চলছে ফলপ্রসূ আলোচনা, যেকোনো সময় ঘোষণা


