শিশুসাহিত্যিক আমীরুল ইসলামকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার মায়ের কবরে সমাহিত করা হবে।
চ্যানেল আইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার বাদ জুমা আমীরুল ইসলামের মরদেহ তার দীর্ঘদিনের কর্মস্থল চ্যানেল আই প্রাঙ্গণে নেওয়া হবে। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সহকর্মীরা, সেখানেই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য বিকাল ৩টায় আমীরুল ইসলামের মরদেহ বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণে রাখা হবে। সেখানে বিকাল সাড়ে ৩টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
বাংলা একাডেমি থেকে মিরপুর নেওয়ার পথে বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে ১৫ মিনিটের একটি যাত্রাবিরতি থাকবে।
এরপর মিরপুরের গোলারটেক ঈদগাহ জামে মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে সাহিত্যিককে।
দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগে বৃহস্পতিবার গভীররাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান ৬২ বছর বয়সি আমীরুল ইসলাম। তিনি সেখানে চারদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন।
১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।
আমীরুল ইসলামের প্রকাশিত বইয়ের সংখ্যা দুই শতাধিক। শিশুদের জন্য গল্প, ছড়া ও নানা ধরনের সৃজনশীল লেখা লিখেছেন তিনি।
সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গেও যুক্ত ছিলেন আমীরুল ইসলাম।
পড়ুন : কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, নিহত ২৪ শিশু শিক্ষার্থী
সা/


