দিনাজপুরের খানসামা উপজেলায় পৃথক তিন অভিযানে অবৈধ ও অতিরিক্ত মজুত করা প্রায় ১ হাজার ৬শ’ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে প্রশাসন। একই সঙ্গে দুই ডিলারকে মোট ৯০ হাজার টাকা জরিমানা এবং এক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার টংগুয়া বাজারে বিসিআইসি অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান মেসার্স আসাদুজ্জামান ট্রেডার্সে অভিযান চালিয়ে ২০৭ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৯৪ বস্তা ডিএপি, ৫৫ বস্তা ইউরিয়া ও ৫৮ বস্তা এমওপি সার। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে।
একই দিনে পাকেরহাট এলাকায় মেসার্স মহাদেব ট্রেডার্সের গুদামে অভিযান চালিয়ে ৪৫০ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় বিএডিসি সার ডিলার মহিতোষ চন্দ্র চন্দকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং গুদামটি সিলগালা করে দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পাকেরহাট বাজারের রনি ট্রেডার্সের একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৯২০ বস্তা সার জব্দ করে প্রশাসন। অভিযানের সময় গোডাউন মালিক মো. মোজাহারুল ইসলাম উপস্থিত না থাকায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার জানান, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা সার সরকারি বিধি অনুযায়ী কৃষকদের মধ্যে বিতরণ করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন


