নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী মোস্তাক আহম্মেদ দাবি করেন, প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের কয়েকজনকে আহত করে এবং তার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বকুল মিয়া জানান, সংঘর্ষে তাদের পক্ষেরও চারজন আহত হয়েছেন। তার ভাই রাসেল গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, জমি নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। উভয় পক্ষের অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার


