ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তনে যাওয়ার পথে ২৪০ জন যাত্রীসহ একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। নিখোঁজ জাহাজটির সন্ধানে বড় আকারের তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছেন দেশটির জরুরি উদ্ধারকর্মীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) জাভা সাগরে জাহাজটির সন্ধানে অভিযান শুরু হয়।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কালিমান্তান প্রদেশের রাজধানী বানজারমাসিনের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটির যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার খবর পায়। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে বানজারমাসিনের দিকে যাওয়ার পথেই এ ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ৯২ মাইল বা ১৪৮ কিলোমিটার দূরে জাভা সাগরে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল।
বানজারমাসিন উদ্ধার সংস্থার অভিযান প্রধান আরিয়ান্তো আরদি জাহাজটি নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকারী দল সম্ভাব্য দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। এ ছাড়া ত্রিসাক্তিতে একটি প্রধান উদ্ধার কেন্দ্র স্থাপন করা হয়েছে।
জাহাজ পরিচালনাকারী সংস্থার বরাত দিয়ে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রাপথে জাহাজটি তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়েছিল। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।
পড়ুন: জোরপূর্বক পদত্যাগের আইনগত বৈধতা নেই: হাইকোর্ট
আর/


