বিজ্ঞাপন

রাশিয়ান মিসাইল হামলায় বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার বাড়ি

বিজ্ঞাপন

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের টেনিস তারকা দাইয়ানা ইয়াস্ত্রেমস্কার পরিবারের ওদেসার অ্যাপার্টমেন্ট। তবে ধ্বংসস্তূপের মধ্যে অক্ষত রয়েছে রোলাঁ গারোর একটি তোয়ালে- যেটিকে প্রতীকীভাবে তুলে ধরেছেন ২৬ বছর বয়সী এই টেনিস তারকা।

শুক্রবার রাতে ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওদেসা ও আশপাশের এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ৩৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। নিখোঁজ রয়েছেন দুজন।

বিধ্বংসী হামলার পর ধ্বংস হয়ে যাওয়া বহুতল ভবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ইয়াস্ত্রেমস্কা। আগুনে পুড়তে থাকা ভবনের ছবির সঙ্গে তিনি লেখেন, ‘এটাই রুশ বিশ্বের চেহারা। কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত।’

এরপর ধ্বংসস্তূপের মধ্যে ঝুলে থাকা একটি কমলা রঙের তোয়ালের ছবি পোস্ট করেন তিনি। সেটি ফ্রেঞ্চ ওপেনের বিখ্যাত রোলাঁ গারোর তোয়ালে। ইয়াস্ত্রেমস্কা লেখেন, ‘একটি রোলাঁ গারোর তোয়ালে ছাড়া আর কিছুই বেঁচে নেই।’

একই পোস্টে ইউক্রেনের এই টেনিস খেলোয়াড় বলেন, ‘রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র আমাদের ওদেসার অ্যাপার্টমেন্ট ধ্বংস করে দিয়েছে। প্রতীকী ব্যাপার! রুশ ক্ষেপণাস্ত্র থেকে টেনিসের একটি অংশ বেঁচে গেছে, তবে আমাদের বাড়ি বাঁচেনি।’

টেনিসের দুই শীর্ষ সংস্থা ডব্লিউটিএ ও আইটিএফকেও বিষয়টি দেখার আহ্বান জানিয়েছেন ইয়াস্ত্রেমস্কা। তিনি লিখেছেন, ‘ডব্লিউটিএ ও আইটিএফ, এই ছবিগুলো আমাদের চোখ দিয়ে দেখুন।’

ওদেসা অঞ্চলের প্রধান ওলেহ কিপার জানিয়েছেন, হামলায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন। রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেন আগ্রাসন শুরুর পর দেশটির ক্রীড়াবিদদের বাড়িঘর আক্রান্ত হওয়ার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়।

গত বছর ইউক্রেনের জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হেওরহি সুদাকভ জানিয়েছিলেন, রুশ ড্রোন হামলায় কিয়েভে তার অ্যাপার্টমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় তাঁর স্ত্রী ও সন্তানও বাড়িতে ছিলেন।

ইয়াস্ত্রেমস্কা বর্তমানে মেয়েদের টেনিসের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১১৩ নম্বরে আছেন। ২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেনে সেমি-ফাইনালে উঠে ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য পেয়েছিলেন তিনি।

পড়ুন:টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্টে নতুন রেকর্ড জো রুটের

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন