দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
র্যাব জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, রংপুরের সদর কোম্পানির একটি আভিযানিক দল গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বদরগঞ্জ থেকে পার্বতীপুরগামী সড়কের ওপর মালিকবিহীন দুটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে ব্যাগ দুটি তল্লাশি করে একটিতে ৫০ রাউন্ড এবং অন্যটিতে ৪২ রাউন্ড .২২ রিমফায়ার লং রাইফেলের গুলি উদ্ধার করা হয়। জব্দকৃত গুলির মোট সংখ্যা ৯২ রাউন্ড।
র্যাব আরও জানায়, উদ্ধার করা গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং সন্ত্রাস দমনে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন : বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের
সা/


