ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই মেরামতকাজ শেষ হওয়ায় রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আবার স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছে।
আদানি পাওয়ারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বাংলাদেশ সময় সকাল ৫টা ১৭ মিনিটে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি সফলভাবে চালু করা হয়। পরে সকাল সাড়ে ১১টার মধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে ইউনিটটির সমন্বয় সম্পন্ন হয়। এর ফলে দুপুরের পর থেকে বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বাড়ানো সম্ভব হচ্ছে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটির বয়লারে হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দিলে সেটি বন্ধ হয়ে যায়। এতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়।
পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, ত্রুটি দেখা দেওয়ার আগে গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে ১ হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আসছিল। তবে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর সরবরাহ ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে যায়। এতে দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনায় বাড়তি চাপ সৃষ্টি হয় এবং বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়ে যায়।
বিপিডিবির কর্মকর্তারা জানান, বয়লারের ত্রুটি মেরামতে শুরুতে অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে কারিগরি দল দ্রুততার সঙ্গে মেরামতকাজ শেষ করায় নির্ধারিত সময়ের আগেই ইউনিটটি উৎপাদনে ফেরানো সম্ভব হয়েছে। ফলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
পড়ুন: স্থানীয় সরকার নির্বাচনে প্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই
আর/


