সাত বছরের গবেষণায় খরাসহনশীল ধান উদ্ভাবন করলেন স্বশিক্ষিত কৃষক নুর মোহাম্মদ

রাজশাহীর তানোর উপজেলার স্বশিক্ষিত কৃষক ও কৃষি গবেষক নুর মোহাম্মদ নিজ উদ্যোগে দীর্ঘ সাত বছরের গবেষণা ও নিরলস প্রচেষ্টায় খরাসহনশীল ধানের একটি নতুন জাত উদ্ভাবন করেছেন। খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের মাটির প্রকৃতি, পানিসংকট ও জলবায়ুগত বাস্তবতা বিবেচনায় নিয়ে দেশি ধানের জাত থেকে সংকরায়নের মাধ্যমে তিনি এ ধান উদ্ভাবন করেন। তাঁর দাবি, ধানটি তুলনামূলক কম পানিতে, কোনো রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই ভালো ফলন দিতে সক্ষম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ), এবং নুর মোহাম্মদ কৃষি পরিসেবার যৌথ আয়োজনে তানোর উপজেলার গোল্লাপাড়া পূর্ব মাঠে তাঁর পরীক্ষামূলক ১৫ শতাংশ জমিতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ধানটির বৈশিষ্ট্য, চাষপদ্ধতি, রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ এবং সম্ভাব্য ফলন নিয়ে মাঠপর্যায়ে পর্যবেক্ষণ ও আলোচনা করা হয়। বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা এবং বারসিকের প্রতিনিধিরা এতে অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে পরীক্ষামূলক জমির ধান কাটায় অংশ নেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় কৃষি কর্মকর্তা সুভাষ কুমার মন্ডল বলেন, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। এ পরিস্থিতিতে কম পানিতে উৎপাদন সম্ভব, এমন ফসলের জাত উদ্ভাবন সময়ের দাবি। নুর মোহাম্মদের এই গবেষণা বরেন্দ্র অঞ্চলের কৃষিতে নতুন আশার সঞ্চার করতে পারে। বিষয়টি নিয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।

বারসিকের বরেন্দ্র অঞ্চল সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম বলেন, কৃষক নেতৃত্বাধীন গবেষণা ও উদ্ভাবনের একটি উল্লেখযোগ্য উদাহরণ নুর মোহাম্মদ। তিনি প্রাতিষ্ঠানিক কৃষিশিক্ষার বাইরে থেকে নিজের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে কৃষি গবেষণায় অবদান রাখছেন। এর আগে তিনি নুর-১ ও নুর-২ নামে আরও দুটি ধানের জাত উদ্ভাবন করেছেন। এবার তাঁর নতুন সংযোজন খরাসহনশীল ধান। বরেন্দ্র অঞ্চলের ক্রমবর্ধমান পানিসংকটের বাস্তবতায় এ ধরনের কৃষক-উদ্ভাবিত জাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, কৃষক নেতৃত্বাধীন গবেষণা ও উদ্ভাবনকে কৃষি নীতিমালায় যথাযথ গুরুত্ব দেওয়া এবং কৃষক গবেষকদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।

নিজের গবেষণার অভিজ্ঞতা তুলে ধরে কৃষক ও উদ্ভাবক নুর মোহাম্মদ বলেন, খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে দিন দিন পানির সংকট তীব্র হচ্ছে। অথচ খরা মোকাবিলা করতে সক্ষম ধানের জাতের সংখ্যা তুলনামূলকভাবে কম। অনেক দেশি ধানের জাত খরা সহ্য করতে পারলেও সেগুলোর ফলন কম হওয়ায় কৃষকেরা সেগুলো চাষে তেমন আগ্রহী হন না। বিষয়টি বিবেচনায় নিয়ে দেশি ধানের জাত থেকে সংকরায়নের মাধ্যমে তিনি সাত বছর ধরে গবেষণা চালিয়ে বর্তমান পর্যায়ে পৌঁছেছেন।

তিনি জানান, উদ্ভাবিত ধানটির জীবনকাল ১১৫ থেকে ১২০ দিন। তাঁর পরীক্ষামূলক পর্যবেক্ষণ অনুযায়ী, ৩৩ শতাংশের এক বিঘা জমিতে এর সম্ভাব্য ফলন ২১ থেকে ২২ মণ। ধানটিতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও তুলনামূলক কম দেখা গেছে। এবার তিনি কোনো রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করেননি। এমনকি জমিতে কোনো কৃত্রিম সেচও দেননি। প্রাকৃতিকভাবে পাওয়া পানিতেই ধানটির চাষ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, আরও পরীক্ষা-নিরীক্ষা ও কৃষক পর্যায়ে চাষের মাধ্যমে জাতটির সম্ভাবনা যাচাই করা সম্ভব হবে।

তানোর উপজেলার তাতিয়াপাড়া গ্রামের কৃষক নির্মল চন্দ্র বলেন, তিনি শুরু থেকেই নুর মোহাম্মদের এই গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর পর্যবেক্ষণে ধানটি খরা সহ্য করতে সক্ষম। তিনি এবার পাঁচ কেজি বীজ সংগ্রহ করেছেন এবং আগামী মৌসুমে নিজ জমিতে চাষ করার পরিকল্পনা করছেন। তাঁর মতে, খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের কৃষকদের জন্য এ ধান সম্ভাবনাময় হতে পারে।

গোল্লাপাড়া হালদারপাড়া গ্রামের নারী কৃষক শ্রীমতী অসীমা রাণী হালদার বলেন, ধানটি রাসায়নিক কীটনাশক ছাড়াই চাষ করা সম্ভব হলে তা কৃষকদের জন্য সুবিধার হবে। এতে সেচের পানির প্রয়োজন কমতে পারে, উৎপাদন খরচ কম হতে পারে এবং নিরাপদ খাদ্য উৎপাদনের সুযোগ তৈরি হবে। তিনি মনে করেন, এমন উদ্যোগ কৃষক ও ভোক্তা উভয়ের জন্যই উপকারী হতে পারে।

মাঠ দিবসে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকার প্রায় ৮০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিকের প্রোগ্রাম অফিসার (কৃষি) অমৃত কুমার সরকার।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ সাড়ে ৪ লাখ টাকার অবৈধ মালামাল আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন